মগবাজার বিস্ফোরণ কান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০
দি নিউজ লায়ন; মগবাজারের বিস্ফোরণ ঘটনায় আহত রাসেল (২০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, রাসেলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নুরুন্নবী (৩০) নামের একজন মারা যান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাসেল নামের একজন দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, রাসেল ঠাকুরগাঁওয়ের একটি সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা জসীমউদ্দীন পেশায় কৃষক।
দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। নিজের লেখাপড়ার খরচ ও সংসারের হাল ধরতে রাসেল রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত রোববার সন্ধ্যায় মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় আহত হন দুই শতাধিক মানুষ। ওই বিস্ফোরণের ঘটনাটি মিথেন গ্যাসের উপস্থিতিতেই ঘটেছে বলে ধারণা পুলিশের সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির।

Post a Comment